কয়েক বছরেও সম্পন্ন হয়নি বিকল্প জাতীয় সড়কের কাজ। এতে ক্ষুব্ধ লোকজন। উৎসবের মাঝেও বাধ্য হয়ে লোকজন মোহনপুরের মোহিনীপুরে পথ অবরোধ করে।
বেশ কয়েক বছর ধরে চলছে ২০৮ বি জাতীয় সড়কের কাজ। অভিযোগ এখনও সম্পন্ন হয়নি বিকল্প জাতীয় সড়কের কাজ। বর্ষাকালে এই সড়কের অবস্থা বেহাল হয়ে পড়ে। যানবাহন চলাচল রীতিমতো বন্ধ হয়ে যায়। এই অবস্থায় এখনও রাস্তার কাজ সম্পন্ন না হওয়ায় সমস্যায় যানবাহন চালক সহ স্থানীয় লোকজন। রাস্তার ধুলোতে চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এতে দুর্ভোগে থাকা লোকজন রীতিমতো ক্ষুব্ধ।অবশেষে উৎসবের মাঝেই সোমবার স্থানীয় লোকজন মোহনপুরের মোহিনীপুরে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করেন রাস্তায় আগুন জ্বালিয়ে।
সড়ক অবরোধের ফলে দুই দিকে আটকে যায় যানবাহন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিস।ঘটনাস্থলে পৌঁছান দ্রুত মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।চেয়ারম্যানের আশ্বাস ও মধ্যস্থতায় অবরোধ শুরুর থেকে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন ক্ষুব্ধ নাগরিকরা।
প্রায় দুই ঘণ্টা পর এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রশ্ন উঠছে এই রাস্তার কাজ সম্পন্ন করতে ঢিলেমি কেন? কোথায় গাফিলতি? দাবি উঠেছে দ্রুত জাতীয় সড়কের কাজ সম্পন্ন করার।
















