সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

৩০ অক্টোবর রাজপথে নামছে ইন্ডিয়া ব্লক

জ্ঞানেশ ইস্যুতে ত্রিপুরায়ও একমঞ্চে ইন্ডিয়া ব্লক। চলতি মাসের ৩০ তারিখ আন্দোলনে নামতে চলেছে ইন্ডিয়া ব্লক। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন নেতৃত্ব।

সারা দেশজুড়ে আন্দোলন তেজী করছে ইন্ডিয়া ব্লক এস আই আর প্রক্রিয়া বাতিল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ নিয়ে। রাজ্যেও ইন্ডিয়া ব্লক ত্রিপুরা চ্যাপ্টার আন্দোলনে নামতে চলেছে। শনিবার ইন্ডিয়া ব্লকের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। চার দফা দাবিতে ৩০ অক্টোবর আগরতলায় কর্মসূচি গ্রহণ করেছে ইন্ডিয়া ব্লকের ত্রিপুরা চ্যাপ্টার। সেদিন আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে জমায়েত হয়ে মিছিল সহকারে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার কর্মসূচী রয়েছে। পেশ করা হবে দাবিসনদ। সাংবাদিক সম্মেলনে একথা জানান সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, দেশের নির্বাচনী ব্যবস্থা ও সাংবিধানিক কাঠামোর উপর আঘাত হানছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। তাঁর দাবি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং নির্বাচনী প্রক্রিয়াকে শাসক দলের অনুকূলে পরিচালিত করার চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে এস আই আর প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জিতেন বাবু অভিযোগ করেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ষড়যন্ত্রমূলক এস আই আর প্রক্রিয়া চলছে তা বাতিল করতে হবে।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ভোটাধিকার হরণের ষড়যন্ত্র এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন। তাঁর অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে শাসক দলকে নির্বাচনী সুবিধা পাইয়ে দিতে কাজ করছেন।ভোটাধিকার হরণ এবং নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার এই বিষয়টি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক স্তরেও তা আলোচনার বিষয় হয়ে উঠেছে। গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তাকে প্রতিরোধ করার লড়াই এটি।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস, সি পি আই(এম), সি পি আই(এমএল), আর এস পি এবং ফরওয়ার্ড ব্লক, সি পি আই, গণমঞ্চ, ত্রিপুরা পিপলস পার্টি- নেতৃত্ব।

Related Posts

Scroll to Top