তারিখের পর তারিখ দিলেও দুই মাস ধরে মিলছে না আশা কর্মীদের বেতন। ক্ষুব্ধ আশা কর্মীরা বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন।
কৈলাসহরের রাজীব গান্ধী মহকুমা হাসপাতালের অধীনে রয়েছে ৩৬ জন আশা কর্মী। অভিযোগ দুই মাস ধরে মিলছে না আশা কর্মীদের বেতন। পূজার প্রাক মুহূর্তে বেতন বোনাস না পাওয়ায় হতাশ তারা। আশা কর্মীরা জানান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলে শুধু মিলছে তারিখের পর তারিখ। কিন্তু একাউন্টে টাকা ঢুকছে না। তাদের অন্যান্য আনুষাঙ্গিক টাকাও মিলছে না। এই অবস্থায় ক্ষুব্ধ আশা কর্মীরা সোমবার দুপুরে কৈলাসহরের রাজীব গান্ধী মহকুমা হাসপাতালের এসডিএমও-র সঙ্গে দেখা করতে যায়। মহকুমা স্বাস্থ্য আধিকারিককে না পেয়ে একাউন্ট্যান্টকে ঘিরে বিক্ষোভ দেখায়। একাউন্ট্যান্ট তাদের আশ্বাস দেন বুধবার সবার একাউন্টে টাকা চলে যাবে। আশা কর্মীরা সাফ জানান, বুধবার টাকা না পেলে তারা বড় আন্দোলনে নামবে।
স্বাস্থ্য দপ্তরের সব থেকে সাধারণ কর্মী ‘আশা কর্মীর’।অথচ সারা বছর কঠোর পরিশ্রম করতে হয় তাদের। তাও সামান্য বেতন ভাতায়। অথচ তাদের টাকা সময়মতো দিতেও গড়িমসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।




















