চাঁদার জুলুমবাজি। গাড়ি চালককে বেধড়ক মারধর।কাঠগড়ায় কুমারঘাটের ইয়ুথ ক্লাব। ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ যান শ্রমিকদের।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও দুর্গাপুজোর চাঁদা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে জুলুমবাজি। আক্রান্ত হতে হচ্ছে লোকজনকে। এবার ঘটনা কুমারঘাটে। অভিযোগ ৯ অক্টোবর পানিসাগর থেকে কাঠের তৈরি সামগ্রী নিয়ে যাওয়ার সময় প্রদীপকে আটক করে চাঁদা দাবি করা হয়।পেঁচারথলের গাড়ি চালক প্রদীপ চাকমাকে কুমারঘাট এলাকায় আটক করে ইয়ুথ ক্লাবের সদস্যরা। তাঁর কাছে ১০ হাজার টাকা পুজোর চাঁদা দাবি করে তারা। সেই টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেন চালক। অভিযোগ এতে ক্ষিপ্ত হয়ে ক্লাবের সদস্যরা চালককে ক্লাবে নিয়ে বেধড়ক মারধর করে।পরে তাঁর গাড়িতে অবৈধ কাঠ ঢুকিয়ে দিয়ে দুই লাখ টাকা দাবি করে বলে অভিযোগ। পরে গাড়ির মালিক ৬ হাজার টাকা দিয়ে চালককে ছাড়িয়ে আনেন।হাসপাতালে ভর্তি করাতে হয়েছে আক্রান্ত চালককে।
ঘটনা কুমারঘাট ও পরে পেঁচারথল থানায় জানিয়ে অভিযোগ দায়ের করা হয় বলে জানান আক্রান্তের বড় বোন। অভিযোগ কোনো সাড়া মিলেনি।
ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার যান চালকরা ও একটি সংগঠনের সদস্যরা পথ অবরোধ করে পেঁচারথল গেট সংলগ্ন জাতীয় সড়ক।অবরোধে দুই দিকে আটকে পড়ে যানবাহন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেঁচারথল থানার পুলিশ। পরিস্থিতি উত্তাল হতে থাকলে পরে সেখান পৌছান কুমারঘাটের মহকুমা পুলিশ আধিকারিক ডেভিড দেববর্মা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা নেওয়া হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের আশ্বাস সত্ত্বেও অবরোধ প্রত্যাহারে রাজি হননি আন্দোলনকারীরা। দীর্ঘ সময় ধরে চলে পথ অবরোধ। অভিযোগ কুমারঘাট মহকুমায় পুজোর চাঁদা আদায় নিয়ে প্রতিবছরই জুলুমবাজির অভিযোগ ওঠে আসে।
















