চিকিৎসার গাফিলতিতে মৃত্যু এক মহিলার। ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলেখা দাস নামে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জানানো হলেও সময়মতো চিকিৎসা পরিষেবা মেলেনি। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে মহিলার মৃত্যু হয়।মৃত সুলেখা দাসের বাড়ি কুর্তি-কদমতলা বিধানসভা কেন্দ্রের তারকপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে। জানা যায়, মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে ।পরিবারের অভিযোগ, রোগীর শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিকবার চিকিৎসক ও নার্সদের অবহিত করা হয়েছিল। কিন্তু সময়মতো কোনও স্বাস্থ্যকর্মী রোগীকে দেখতে আসেননি এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়নি।
ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা সেই সময় কোথায় ছিলেন ? ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসা পরিষেবায় কোনও গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে বলে মনে করছেন সচেতনমহল।


















