বাড়িতে যখন মা লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি চলছে তখনই দাউ দাউ করে আগুন। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় সব শেষ হয়ে যায়। পুড়ে যায় তিনটি বসত ঘর ও রান্না ঘর। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটে বীরগঞ্জ থানাধিন অমরপুরের কাঁসারী পট্টিতে সাহা পরিবারে। স্থানীয় বাসিন্দা স্বদেশ সাহা। এদিন উনার বাড়িতেও চলছে মা লক্ষ্মির আরাধনার প্রস্তুতি। সকলেই যে যার মতো কাজে ব্যস্ত। এরই মাঝে ভয়ঙ্কর বিপত্তি। আচমকা বাড়ির রান্না ঘরে আগুন দেখতে পায় লোকজন। ঘটনা বাড়ির লোকজনের নজরে আসতেই শুরু হয় চিৎকার। ছুটে আসেন স্থানীয় লোকজন। তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের কর্মীরা। সকলের চেষ্টায় আগুন আয়ত্বে এলেও পুড়ে যায় তিনটি বসত ঘরের সমস্ত আসবাব পত্র। আগুনে পুড়ে গেছে রান্না ঘরও। পুজোর আনন্দের মাঝে সর্বস্ব হারিয়ে কার্যত দিশেহারা বাড়ির লোকজন
আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরগঞ্জ থানার পুলিশ।
















