বিদ্যুৎ ছাড়া কোনো দপ্তর চলতে পারে না। সেজন্য বর্তমান সরকার বিদ্যুৎকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। দক্ষিণ জেলায় দুটি বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন করে একথা বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
বিদ্যুৎ পরিষেবা উন্নয়নে বড় পদক্ষেপ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের।দক্ষিণ জেলার সাব্রুম ও সাতচাঁদে ১৩২ কেভি সাব-স্টেশনের উদ্বোধন হয় হয় বুধবার। বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের হাত ধরে দুটি সাব স্টেশনের উদ্বোধন হয়। এর মাধ্যমে দক্ষিণ ত্রিপুরার বিদ্যুৎ পরিষেবা আরও শক্তিশালী হবে।উপকৃত হবেন ৩৭,৫৪৮ জন বিদ্যুৎ গ্রাহক। ভারত সরকার ও বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে। ১৩২ কেভি সাব্রুম সাব-স্টেশন প্রায় ৬৬ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ ২০২১ সালের মার্চ মাসে শুরু হয়। প্রকল্পের আওতায় ১৩২ কেভি সাব-স্টেশন-সহ একটি দ্বিতল কন্ট্রোল রুম ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বিলোনিয়া থেকে সাব্রুম পর্যন্ত ১৩২ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন নির্মাণ করে সাব্রুম সাব-স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। নবনির্মিত ১৩২ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সাব্রুম সাব-স্টেশনটি বিলোনিয়া ও সাতচাঁদ সাব-স্টেশনের সঙ্গে যুক্ত হয়েছে। ১৩২ কেভি সাতচাঁদ সাব-স্টেশন প্রায় ৪৭ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১৩২ কেভি সাতচাঁদ সাব-স্টেশন প্রকল্পের কাজ ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয়। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, আধুনিক হতে গেলেই বিদ্যুৎ লাগবে। বিদ্যুৎ ছাড়া কোনো মানুষ আধুনিক হতে পারবে না।
দুটি সাব স্টেশন বসানোয় বিশাল অংশের মানুষ উপকৃত হবেন। খুশি বিদ্যুৎ গ্রাহকরা।


















