শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন সংগঠন করছে বাম চার ছাত্র যুব সংগঠন। মঙ্গলবার খোয়াইয়ে গণঅবস্থান সংগঠিত করে চার সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের তরফে চলছে শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে, নেশা ও দুর্নীতির বিরুদ্ধে গণঅবস্থান বিভিন্ন জায়গায়। মঙ্গলবার এসব দাবিতে খোয়াইয়ের নৃপেন চক্রবর্তী এভিনিউতে হয় গণঅবস্থান।এদিন কাঠফাটা রোদের মধ্যেই চার সংগঠনের কর্মী সমর্থকরা কর্মসূচীতে অংশ নেয়। তাদের অংশগ্রহণ ছিল নজরকাড়া। উপস্থিত ছিলেন টি ওয়াই এফ-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা, ডি ওয়াই এফ আই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্ব শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সমাজে নেশার বিস্তার রোধের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। আলোচনা করতে গিয়ে কুমুদ দেববর্মা অভিযোগ করেন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে বর্তমান এ ডি সি প্রশাসন। তিনি বলেন এমন এ ডি সি-র স্বপ্ন দেখেনি রাজ্যের মানুষ। যুব নেতা নাম না করে তিপ্রা মথা প্রধানের সমালোচনা করেন বিভিন্ন বিষয় তুলে ধরে। রাজ্যের ত্রিপল ইঞ্জিনের সরকার সমালোচনায়ও মুখর হন তিনি।
রাজ্যের বিভিন্ন জায়গায় নেশার রমরমা। এসব বন্ধে বর্তমান সরকারের প্রশাসন কাজ যেমন করছে তেমনি বিভিন্ন সংগঠনও কর্মসূচীর মাধ্যমে সচেতনতা গড়ে তুলছে। এই অবস্থায় বাম ছাত্র যুব সংগঠন সরকারের উপর আরও চাপ বাড়াতে চাইছে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য।


















