চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ ধর্মনগরের হাফলং বাজার সংলগ্ন এলাকায়। চাঁদা দিতে অস্বীকার করায় শুরু হল মারধর। অভিযোগ স্থানীয় কিছু যুবক বিশ্বকর্মা পূজার চাঁদা দাবি করে এক চালক এর কাছে। গাড়ি আটকে তাঁকে বেধড়ক মারধর করে একদল যুবক। একইসঙ্গে তাঁর কাছ থেকে নগদ ২২ হাজার টাকা নিয়ে চম্পট সেই যুবকরা। জানা গেছে, সোমবার রাতে আগরতলা থেকে অনলাইন সামগ্রী নিয়ে কন্টেনার গাড়িতে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি । হাফলং বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাঁর গাড়ি থামিয়ে বিশ্বকর্মা পূজার চাঁদা দাবি করে । চালকের দাবি, তিনি আগেই চাঁদা দিয়েছেন । এরপরও কেন ফের চাঁদা দিতে হবে, তা জানতে চাইলে তাঁকে চাপ দেওয়া হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর রাতেই তিনি ধর্মনগর থানায় গিয়ে অভিযোগ জানান। কিন্তু ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরও পুলিশের তরফে কোনও পদক্ষেপ বা তথ্য তাঁকে জানানো হয়নি বলে তিনি অভিযোগ করেন। চালক জানান তার দেওয়া চাঁদার রসিদে ধর্মনগর মিডিয়াম ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন-এর নাম রয়েছে।চালকের দাবি, বিশ্বকর্মা পূজার চাঁদা সংগ্রহের সঙ্গে ওই সংগঠনের নাম জড়িত।
দাবি উঠেছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। এখন দেখার পুলিশ কোন পথে হাঁটে ।


















