ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যের সর্বত্র চলে ভি সি নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল। শেষ দিনে সবকয়টি রাজনৈতিক দলের মধ্যে দেখা যায় তৎপরতা।এদিন জিরানিয়া ব্লকেও মনোনয়ন পত্র দাখিল করেন তিনটি ভিলেজ কমিটির অধিকাংশ আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। ১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই বিভিন্ন ব্লকে শুরু হয়ে যায় মনোনয়ন পত্র দাখিল। মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র দাখিলের অন্তিম দিন। রাজ্যের অন্যান্য ব্লকের সঙ্গে জিরানিয়া ব্লকেও মনোনয়ন পেশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এই ব্লকের অধীন মাধববাড়ি, পশ্চিম বড়জলা ও বিশ্রামবাড়ি ভিলেজ কমিটির অধিকাংশ আসনে মনোনয়ন পত্র পেশ করেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। মনোনয়ন জমার আগে প্রার্থীদের নিয়ে বের হয় উদ্দীপনাময় মিছিল। এলাকার বিভিন্ন পথ ঘুরে ব্লকের সামনে আসে মিছিল। নেতৃত্বে ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মণ্ডলের নেতৃত্ব। মন্ত্রী এদিন বলেন, ভি সি নির্বাচনে বিরোধীদের কোন অস্তিত্ব নেই। রাজ্যের শান্তি- সম্প্রীতি, এ ডি সি’র কাছে আরও ক্ষমতা ,রাজ্যের উন্নয়নকে আরও অগ্রাধিকার দেওয়া, রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিকে দিকে বি জে পি ও জোট সঙ্গীদের জয়ী করার আহ্বান জানান তিনি।
এদিকে এদিন মান্দাই ব্লকের চারঘরিয়া, উত্তর জয়নগর ভিলেজ কমিটিতেও কিছু আসনে মনোনয়ন পেশ করেন বি জে পি প্রার্থীরা। সব জায়গায় ছিল উৎসবমুখর পরিবেশ।



















