কংগ্রেসের বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগ উঠলো রাজধানীতে,। শহরের ইন্দ্রনগর এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় মহলে।
স্থানীয় মানুষের সরাসরি অভিযোগ রাজধানীর শহরতলী ইন্দ্রনগর এলাকায় কংগ্রেস ব্লক সভাপতি সঞ্জীব দে-র বাড়িতে প্রায়ই রাতে নেশার আসর বসানো হয়। শুধু তাই নয় সঞ্জীব দের ভাই সুজিত দে-র বিরুদ্ধে ঠিকেদারসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়মিত তোলা আদায়ের অভিযোগ তুলেছে স্থানীয়রা। এলাকাবাসীর আরো অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটতে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেই।
স্থানীয়রা জানান এ বিষয়ে আগেও জিবি ফাঁড়ির পুলিশকে জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি । শেষ পর্যন্ত বাধ্য হয়ে মঙ্গলবার এলাকাবাসীরা এনসিসি থানায় ডেপুটেশন প্রদান করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এখন দেখার পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। যদিও এই ঘটনা সম্পর্কে অভিযুক্ত কংগ্রেস নেতৃত্ব এবং তার ভাইয়ের কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
















