কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলি বাস্তবায়নে সরকার ও সাধারণ মানুষের মধ্যে সেতু হিসেবে কাজ করেন টি সি এস অফিসাররা। রবিবার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।উপস্থিত ছিলেন সচিব কিরণ গিত্যে সহ সংগঠনের পদাধিকারীরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি সিদ্ধান্ত অফিসারদের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছায়। সরকারের মুখ হলেন অফিসাররা। মুখ্যমন্ত্রী বলেন সর্বভারতীয় স্তরে ত্রিপুরার নাম এখন প্রতিষ্ঠিত। টি সি এস অফিসারদের প্রশিক্ষনের জন্য বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে পাঠানো হয়। অফিসারদের কারণেই প্রতি ঘরে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি অফিসারদের উদ্দেশ্যে বলেন কোনো বেনিয়ম কাজ চাপে পড়ে না করার জন্য। বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায়। সরকার সব মানুষের জন্য রয়েছে। মানুষের জন্য কাজ করবে।
এদিন টি সি এস অফিসার সংগঠনের তরফে বস্ত্র বিতরণ করা হয় আই জি এম হাসপাতাল, আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আগরতলা সরকারি নার্সিং কলেজের সাফাই কর্মী , সিকিউরিটি গার্ড-দের মধ্যে। অতিথিরা তাদের হাতে বস্ত্র তুলে দেন।
















