১৫ দিন ধরে জল মিলছে না। উদাসীন কর্তৃপক্ষ। বাধ্য হয়ে কমলপুর-আমবাসা সড়ক অবরোধ ভুক্তভোগীদের।
জলের পাম্প মেশিন বিকল হয়ে আছে ১৫ দিন ধরে। অভিযোগ পঞ্চায়েত প্রধান- উপপ্রধানকে জানানো হলেও সমস্যার সুরাহা হয়নি। ফলে অসুবিধার সম্মুখীন কমলপুর মহকুমার সোনারাম কোবরা পাড়ার লোকজন। পানীয় জলের বিকল মেশিন সারাইয়ে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় অবশেষে ধৈর্য’র বাঁধ ভাঙে ভুক্তভোগীদের। বাধ্য হয়ে মঙ্গলবার তারা কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে সকাল ৯ টা থেকে আমবাসা-কমলপুর রাস্তা অবরোধ করে। অভিযোগ দীর্ঘ দেড় ঘন্টা পথ অবরোধ চলার পরও দেখা মিলেনি সংশ্লিষ্ট দপ্তরের কোন আধিকারিকের। স্থানীয় নেতৃত্ব অবরোধকারীদের সাথে কথা বলেন কিন্তু তাদের কথার কোন গুরুত্ব দেয়নি অবরোধকারীরা। তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে আসতে হবে এবং তাদের পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে।
দেড় ঘন্টা পর আমবাসা যাওয়ার পথে বি এ সি চেয়ারম্যান পরিমল দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেওয়া হয় এক ঘণ্টার মধ্যে পানীয় জলের ব্যবস্থা করার।এই আশ্বাসে আমবাসা কমলপুর সড়ক অবরোধ মুক্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে এদিন কুলাইয়ে সাপ্তাহিক হাট বাজার ছিল। হাটবাজারে দিন রাস্তা অবরোধের ফলে উভয় দিকে যানজট সৃষ্টি হয়। ক্রেতা থেকে বিক্রেতা সবারই আসতে অসুবিধার সম্মুখীন হয়।

















