মেয়েদের শিক্ষার উন্নয়ন নাহলে কোনো রাজ্য কিংবা দেশের উন্নয়ন সম্ভব হবে না। তাদের শিক্ষার পাশাপাশি আগের সময়কার কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। শনিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিদ্যালয় শিক্ষা দপ্তর ও তথ্য সংস্কৃতি দপ্তর যৌথ ভাবে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও শিক্ষা দপ্তরের অধিকর্তা , তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে অনেক আধুনিক শিক্ষা ব্যবস্থা চলে এসেছে। তিনি বলেন, রাজ্যের বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে এখন। দুই শতাধিক স্কুলের পরিকাঠামো উন্নয়নে হাত দেওয়া হয়েছে। অনেক গুলি কাজ শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী শিক্ষক- শিক্ষিকা ও পড়ুয়াদের উদ্দেশ্যে আহ্বান রাখেন, সরকার যে পরিকাঠামো গড়ে তুলে দিচ্ছে সেসব যাতে ভালো থাকে সেদিকে যাতে নজর দেয়।তিনি বলেন স্কুল গুলি যাতে ছেলে- মেয়েদের হাতে উৎকর্ষ কেন্দ্র করে তাদের প্রতিভা বিকাশে সেটাই সরকারের লক্ষ্য।
এদিন অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক- শিক্ষিকারা অংশ নেন। এদিকে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
















