কথায় নয়, কাজেও বর্তমান সরকার সাংবাদিক বান্ধব। শনিবার অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-র এক কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শারদোৎসবের সময় রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দেয়। এতে সমস্যায় পড়েন মুমূর্ষু রোগীরা। তাই উৎসবের সময়ে যাতে সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রেখে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সেবামূলক কাজে এগিয়ে এলো সাংবাদিকদের সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্টস। এদিন আগরতলা মহারানি তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হয় মেগা রক্তদান ও প্রবীণদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সংগঠনের সাধারণ সম্পাদক শানিত দেবরায় সহ অন্যরা।আলোচনা করতে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার সাংবাদিক বান্ধব। এদিন এ ধরণের কর্মসূচী গ্রহণ করায় অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-কে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি তিনি বলেন রক্তদান নিয়ে যদি সাংবাদিকরা সচেতনতা বাড়াতে বেশি করে ভূমিকা নেয় তাহলে যুবকরা বেশি করে উদ্বুদ্ধ হবে। এদিন সংগঠনের তরফে ৫ টি হুইল চেয়ার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় কোনো সরকারি হাসপাতালে দেওয়ার জন্য। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা অংশ নেন।
















