সরকারি চাকরিতে পি আর টি সি তুলে দেওয়া যাবে না। যুব কংগ্রেসের পর দুই বাম যুব সংগঠন এই দাবিতে সরব।জেলা শাসকদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করছে দুই বাম যুব সংগঠন। শুক্রবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের তরফে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকের কাছে তিন দফা দাবি সনদ সম্বলিত স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি মূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন যুব নেতা নবারুন দেব, সঞ্জয় দাস, কৌশিক রায় দেববর্মা সহ অন্যরা।

যুব নেতা নবারুন দেব এদিন অভিযোগ করেন, সরকারি চাকরিতে পি আর টি সি তুলে দিয়ে রাজ্যে বেকার মারার নীতি গ্রহণ করেছে বি জে পি সরকার। তিনি বলেন গ্রুপ সি গ্রুপ ডি পদেও বহিঃরাজ্যের ছেলে- মেয়েদের চাকরির সুযোগ তৈরি করে দিয়ে রাজ্যের বেকারদের বঞ্চিত করার যে প্রচেষ্টা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন, এর নিন্দা ও ধিক্কার জানান ।এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করেন তারা।পাশাপাশি তারা দাবি জানান, পুলিস মহানির্দেশকের মৃত্যুর ঘটনার তদন্ত হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে করানোর।
পি আর টি সি ইস্যুতে রাজ্যের বিরোধী যুব সংগঠন গুলির আন্দোলনের ফলে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা সেটাই দেখার।




















