পরিকল্পিত আক্রমণ করা হয়েছে আই পি এফ টি-র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মার উপর। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন দলের নেতৃত্ব। অভিযোগ দুই দিন আগে হেজামারা ব্লকের সামনে আই পি এফ টি’র সাধারণ সম্পাদককে আক্রমণ করে তিপ্রা মথার দুর্বৃত্তরা। ভেঙে দেওয়া হয় উনার গাড়ি। এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানালেন আই পি এফ টির নেতৃত্ব। দলের তরফে সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব এদিন এই ঘটনার জন্য পরোক্ষে তিপ্রা মথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মণের সমালোচনা করেন। তারা স্পষ্ট ভাষায় জানান, তিপ্রা মথার প্রধান দলের নেতা- কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারতেন নির্বাচনের সময় যাতে অপ্রত্যাশিত ঘটনা না হয়। আইন-শৃঙ্খলা যাতে বজায় থাকে। আই পি এফ টি নেতৃত্ব মন্তব্য করেন তিপ্রা মথার দলের নেতৃত্বের তরফে হয়তো কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়নি। আই পি এফ টি’র সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনা মানা যায় না। গণতান্ত্রিক দেশে এসব চলা উচিত নয়। এই ঘটনা কাম্য নয়। অনভিপ্রেত। আই পি এফ টি’র সঙ্গে আঁতাত থাকার পরেও কেন এমন ঘটনা ঘটবে সেই প্রশ্ন ছুঁড়ে দেন দলের নেতৃত্ব।
চার শতাধিক আসনে মনোনয়ন পত্র দাখিল করেছে আই পি এফ টি’র প্রার্থীরা। এখন দেখার শেষ পর্যন্ত আই পি এফ টি’র কয়জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে থাকেন?




















