যে বয়সে বিশ্রাম নেওয়ার কথা ওদের, সেই বয়সে এসেও রাস্তায় নেমে দাবী আদায়ে আন্দোলন করতে হচ্ছে তাদের। বলছিলাম পেনশনভোগীদের কথা
১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না! অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শনিবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী মূর্তির পাশে ধর্না কর্মসূচি পালন করল ত্রিপুরা স্টেট ফোরাম অব সিভিল পেনশনার্স’ অ্যাসোসিয়েশনস । পেনশনভোগীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান, আর্থিক সুযোগ-সুবিধায় সমতা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচীর আয়োজন করা হয়। ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সচিব ভূপাল চন্দ্র সিনহা জানান, পেনশনভোগীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি। দীর্ঘদিন ধরে দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রত্যাশিত সমাধান না হওয়ায় সংগঠনকে আন্দোলনের পথে নামতে হয়েছে ।এছাড়রা ধর্না কর্মসূচি থেকে সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে ভ্যালিডেশন সংক্রান্ত ব্যবস্থা প্রত্যাহার, সমস্ত অংশের পেনশনভোগীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা, নির্দিষ্ট সময় অন্তর অন্তর পে কমিশন চালু করা এবং সেই প্রক্রিয়ার সঙ্গে অন্তর্বর্তী আর্থিক সুবিধা প্রদান, পাশাপাশি ডাই-ইন-হারনেস রিলিফ ৫০ শতাংশে পৌঁছানোর পর তা মূল বেতন ও মূল পেনশনের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
পেনশনভোগীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন সংগঠনের ।আগামী দিনে দাবি পূরণ না হলে সংগঠনের পক্ষ থেকে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলেও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে ।
















