এবছরের শিক্ষক দিবস আনুষ্ঠানিকভাবে শেষ হলেও রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষকদের সম্মান জানানো অব্যাহত। সোমবার নিজের বিধানসভা এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানালেন মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস।প্রতিবছরের মতো এবারো ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হয়েছে ৬৫ তম শিক্ষক দিবস। কিন্তু এখনও শিক্ষক দিবসের রেশ রয়ে গেছে। ফটিকরায়ের নজরুল কলাকেন্দ্রে হয় এলাকার বিধায়কের উপস্থিতিতে অনুষ্ঠান।উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুমতি দাস, প্রাক্তন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার-সহ এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা থেকে দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে একাধিক প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ভারতকে দুর্বল করার উদ্দেশ্যে নালন্দা ধ্বংস করা হয়েছিল। ব্রিটিশ শাসনে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিন শিক্ষক-শিক্ষিকাদের হাতে মন্ত্রী সহ অতিথিরা তুলে দেন সম্মাননা স্মারক ও উপহার। এই সম্মাননা পেয়ে খুশি শিক্ষক-শিক্ষিকারা।
















