প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে সেবা সংকল্প অভিযান কর্মসূচী গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচী। দলের যুব সংগঠনের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় সামাজিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রবিবার যুব মোর্চার সদর গ্রামীণ জেলার তরফে হয় রক্তদান শিবির। আই জি এম হাসপাতালে রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও ছিলেন প্রদেশ বি জে পি-র সাধারণ সম্পাদক ভগবান দাস, সদর গ্রামীণ জেলা সভাপতি সহ অন্যরা। শিবির নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন,ত্রিপুরা ও দেশকে আগামী দিনে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে যুব সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে যুবরা রক্তদানে ব্রতি হয়েছে।
এদিকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জি বি’তেও রক্তদান কর্মসূচী গ্রহণ করে যুব মোর্চার সদর শহর জেলা। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সভাপতি অভিষেক দেবরায়,সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যসহ অন্যান্যরা।প্রদেশ সভাপতি বলেন, আগামীদিনে অনেক সেবা মূলক কর্মসূচী রয়েছে। তিনি বলেন রক্তের যে ঘাটতি রয়েছে এ ধরণের শিবিরের ফলে সেই ঘাটতি পূরণ হবে।
দুই জায়গায় ব্যাপক সংখ্যায় যুব মোর্চার সদস্যরা রক্তদান করেন। তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
















