অন্যায়-বৈষম্য-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছিলেন অনিল সরকার। দলিত- আদিবাসী সংখ্যালঘুদের কথা-ই শুধু বলতেন না অনিল সরকার। বুধবার বিকেলে মেলারমাঠ আম্বেদকর ভবনে এক অনুষ্ঠানে একথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা কবি অনিল সরকারের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে হয় আলোচনা চক্র। শোষিত নির্যাতিত মানুষের মুক্তির সংগ্রাম শীর্ষক আলোচনা সভা হয় এদিন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস সহ অন্যরা। শুরুতে প্রয়াত কবি অনিল সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিরোধী দলনেতা সহ সকলে।আলোচনা করতে গিয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন শুধু তপশিলি অংশের মানুষের নেতা নয়, অনিল সরকার ছিলেন জনগণের নেতা।বর্তমান সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে এই সময়ে উনার অভাব অনুভব হচ্ছে। জিতেন্দ্র বাবুর আলোচনা উঠে এসেছে সম্প্রতি সি জে পি-র আন্দোলনের প্রসঙ্গও।
আলোচনা করতে গিয়ে তপশিলি সমন্বয়ের সাধারণ সম্পাদক সুধন দাস অভিযোগ করেন, দেশে আর এস এস-বি জে পি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। পাশাপাশি তিনি বলেন জাতপাত- শ্রেণী শোষণের রাজনীতি বন্ধ করার জন্য আজীবন লড়াই করেছেন অনিল সরকার।এছাড়াও অনিল সরকারের জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন সুধন দাস।
এদিনের আলোচনা সভায় বিভিন্ন জায়গা থেকে তপশিলি সমন্বয় সমিতির সদস্য- সদস্যারা ব্যাপক সংখ্যায় অংশ নেন।



















