বর্তমান সরকার আন্দোলনের আগেই সব করে নেয়। একটু ধৈর্য ধরতে হয়। বুধবার সহকারী অধ্যাপক ও ইয়ুথ অর্গানাইজারের নিয়োগ পত্র বিলি অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে বুধবার সহকারী অধ্যাপকের নিযুক্তি পত্র বিলি করা হয়। রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে হয় অনুষ্ঠান।একই সঙ্গে দেওয়া হয় মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় মেধাবী ছাত্রীদের মধ্যে স্কুটি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ সহ সংশ্লিষ্ট দপ্তর গুলির আধিকারিকরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বি জে পি সরকার ক্ষমতায় আসার পর ডাই ইন হারনেস সহ ২২ হাজারের উপর সরকারি চাকরি দেওয়া হয়েছে। তিনি বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে নারী শক্তিকে স্ব-শক্তিকরণের কাজ করে যাচ্ছে। নারীরা শক্তিশালী হলে সমাজও শক্তিশালী হবে। মেয়েদের শিক্ষিত, দক্ষ,আত্মনির্ভর করে তোলা সরকারের অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, যুব শক্তির দক্ষতা প্রতিভা বিকাশের খুব প্রয়োজন।আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০০ সহকারী অধ্যাপকের পদ সৃষ্টি করা হয়েছে।
এদিন উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ৭৪ জন সহকারী অধ্যাপক এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ১০ জন যুব সংগঠকদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার অধীনে ১৫২ জন মেধাবী ছাত্রীদের হাতে স্কুটি তুলে দেওয়া হয়।
















