বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। চালক পলাতক। এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্তে ফটিকরায় থানার পুলিস। কুমারঘাট মহকুমা পুলিস আধিকারিক জানান, গোপন খবরের ভিত্তিতে ফটিকরায় থানার পুলিস ও আসাম রাইফেলসের রাধানগর ক্যাম্পের জওয়ানরা যৌথ অভিযান চালায়। অভিযানে নেমে তারা একটি ডাম্পারের ধাওয়া করে। আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন রাধানগরে আটক করা হয় গাড়িটি। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪০ হাজার ইয়াবা। উদ্ধার নেশা সামগ্রীর বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে উত্তর জেলার দিক থেকে আসছিল গাড়িটি। তবে কোথায় বিপুল নেশা সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল তা জানা যায়নি। পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।
তবে জানা গেছে নেশা সামগ্রী বোঝাই ডাম্পারটি প্রথমে আটক করেছে আসাম রাইফেলস। এর পর পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। অথচ পুলিস একে যৌথ সাফল্য বলে দাবি করছে। এনিয়ে স্বাভাবিক ভাবেই উঠছে বিভিন্ন প্রশ্ন।


















