আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেখান থেকে গড়ে উঠবে, সেই প্রতিষ্ঠানই নরকগুলজারে পরিণত। পড়ুয়া নয় বিদ্যালয়ে বিচরণ গবাদি পশুদের।
শিক্ষা ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। চলছে পরিকাঠামো উন্নয়ন। পড়ুয়াদের গুণগত শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। এসব থেকে যেন বহুযোজন দূরে গুণধর পাড়া জুনিয়র বেসিক স্কুলটি। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার কালাঝাড়ি ভিলেজের সাধু চন্দ্র পাড়ায় এই গুনধর পাড়া জে বি স্কুলটি। অভিযোগ দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের দিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যালয়টি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। টিনের তৈরি বিদ্যালয়টি বর্তমানে ভেঙে পড়ছে। চারিদিকে জঙ্গলে ছেয়ে গেছে। ফলে অন্যত্র এক বাড়িতে অস্থায়ী ভাবে চলছে বিদ্যালয়টি। কমছে পড়ুয়ার সংখ্যা। স্থানীয়রা নতুন ভাবে তৈরির জন্য শিক্ষা দপ্তরের গোছরে নিলেও কোন হেলদোল নেই বলে অভিযোগ। স্থানীয় লোকজন দাবি জানিয়েছেন দ্রুত পাকা স্কুল বাড়ি নির্মাণের।
গন্ডাছড়া মহকুমা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের এই বিদ্যালয়ে নেই পানীয় জল-বিদ্যুতের ব্যবস্থাও। ফলে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরা হতাশ। এই বিদ্যালয়ের প্রতি কমছে আগ্রহ।


















