রাজধানীতে শক্তি প্রদর্শন কংগ্রেসের। গর্জমান মিছিলের পথ আটকে দিল পুলিস। আন্দোলনকারীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি। চললো কংগ্রেস কর্মীদের উপর জল কামান।
ভারতের নির্বাচন মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমার বিতর্কে উত্তাল দেশের রাজধানী সহ বিভিন্ন রাজ্য। আন্দোলনের ঝাঁজ ক্রমেই বাড়ছে। দাবি একটাই পদত্যাগ করতে হবে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে। এই দাবিতে বৃহস্পতিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে কংগ্রেস। একই সঙ্গে কালো দিবসও পালন করে কংগ্রেস বুধবার দিল্লিতে আন্দোলনরত কংগ্রেস নেতাদের হেনস্থার প্রতিবাদ জানিয়ে। এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয় প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিল। স্লোগান সোচ্চার গর্জমান মিছিলে শত শত নারী-পুরুষ-যুবক-যুবতী অংশ নেয়। শহরের বিভিন্ন পথ ঘুরে জয়নগর বাসস্ট্যান্ড হয়ে জেলা শাসক অফিসের দিকে যেতে চাইলে পুলিস মিছিলের পথ আটকে দেয় ব্যারিকেড দিয়ে। সেখানে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের। পরে পুলিস আন্দোলনকারীদের ঠেকাতে জল কামান ছুঁড়ে।
সেখানেই হয় কংগ্রেসের সভা। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, যুব কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ ক্ষোভ উগরে দিয়ে বলেন গণতন্ত্র রক্ষা ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে কংগ্রেস। তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার করার শপথে রাজপথে নেমেছে কংগ্রেস।
এদিন প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী রাজধানীতে বেশ সাড়া ফেলেছে। কর্মসূচীকে ঘিরে শহরে পুলিসে পুলিসে ছিল ছয়লাপ।




















