নিম্নমানের কাজের অভিযোগ এনে সরব স্থানীয় লোকজন। ঘটনা খোয়াই পুর পরিষদের ১২ নম্বর ওয়ার্ড এলাকায়। এই ওয়ার্ডের অফিসটিলা এলাকায় ধারাপাত অঙ্গনওয়াড়ি সেন্টারের বাউন্ডারি ওয়াল তৈরির কাজ শুরু হয়েছে। এই কাজ নিয়েই এবার অভিযোগ উঠলো স্থানীয়দের তরফে। অভিযোগ নিয়ম মাফিক কাজ না করে নিম্নমানের কাজ করা হচ্ছে। সরকারি অফিস বন্ধের দিনেই কাজ করে চলেছেন ঠিকেদার, যাতে কারো নজরে না পড়ে। অভিযোগ যে জায়গায় আট এম এম রড ব্যবহার করার কথা সেখানে ৫ এম এম ব্যবহার করা হচ্ছে। ফলে যেকোন সময় ভেঙে পড়তে পারে দেওয়াল। এই অবস্থায় নির্মাণ কাজ নিয়ে সরব হন স্থানীয় লোকজন। তাদের অভিযোগ উন্নয়ন কাজে দুর্নীতি হচ্ছে। সঠিক ভাবে কাজ করছে না ঠিকেদার। আরও অভিযোগ নির্মাণ কাজ চলাকালীন পুর পরিষদের কোনো বাস্তুকারের দেখা মিলেনি নির্মাণ স্থলে।
ঘটনা জানাজানি হতেই দ্রুত ঠিকেদার শ্রমিকদের দিয়ে ৫ এম এম রড সরিয়ে ৮ এম এম রড নির্মাণ স্থলে পাঠায়। প্রশ্ন উঠছে সঠিক নিয়ম মেনে কাজ করতে চায়নি ঠিকেদার? দাবি উঠেছে পুরো ঘটনার তদন্তের।


















