প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে খোলামেলা শিক্ষার্থীদের কথোপকথন । তাদের প্রতিভার বিকাশ ঘটাতেই এ ধরনের কর্মসূচী ।
তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের সরাসরি যোগাযোগ স্থাপনই লক্ষ্য। কৈলাসহরের জেলা গ্রন্থাগার কনফারেন্স হল ঘরে হলো ‘ঊনকোটি টকস’-এর তৃতীয় পর্ব। জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানে “জনসেবায় নারীদের পথচলা” শীর্ষক বিষয়ে বিশেষ আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক ও সমাহর্তা চাঁদনী চন্দ্রন এবং ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন। এছাড়া কুমারঘাটের মহকুমা শাসক আইএএস শুভম মিনা ।আলোচনায় অংশ নিয়ে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন জানান, শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে চিকিৎসক, প্রকৌশলী ও টিসিএস আধিকারিকসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই ধরনের আলোচনা সভার আয়োজন করা হবে। উত্তর ত্রিপুরার জেলাশাসক চাঁদনী চন্দ্রন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর প্রতিভা থাকা সত্ত্বেও অনেক সময় সঠিক দিকনির্দেশনা ও সুযোগের অভাব দেখা যায়। ‘ঊনকোটি টকস’-এর মতো মুক্ত আলোচনা তাদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে এবং ভবিষ্যৎ সুযোগ সম্পর্কে জানতে সাহায্য করবে। শিক্ষার্থীদের সঙ্গে আধিকারিকদের এই খোলামেলা কথোপকথন তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।


















