অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বোধজংনগর থানায় মামলা দায়ের। বুধবার আক্রান্ত ব্যবসায়ীর ছেলে মামলা করলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। অভিযোগ ব্যবসায়ী অনুপ কুমার সিংহ ব্যবসার কাজ সেরে রাতে যখন বাড়ি ফিরছিলেন তখন দুই ব্যক্তি তাঁর পথ আটকায়। কাশীপুর অরবিন্দ সংঘ এলাকায় ব্যবসায়ীকে আটক করে দুই দুর্বৃত্ত ৫ লাখ টাকা দাবি করে বলে অভিযোগ। এতো টাকা দিতে ব্যবসায়ী অক্ষমতা প্রকাশ করায় দুই দুর্বৃত্ত মারধর শুরু করে বলে অভিযোগ। এমনকি গুলি করে হত্যার চেষ্টাও করে বলে ব্যবসায়ীর ছেলের অভিযোগ। দুর্বৃত্তরা ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে দেয়। ব্যবসায়ীর কাছে থাকা ব্যবসার ৫১ হাজার টাকা ও আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। খবর পেয়ে আক্রান্ত ব্যবসায়ীর ছেলে ছুটে এসে জি বি-তে নিয়ে যায়। বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী। ঘটনা জানিয়ে বুধবার বোধজংনগর থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ীর ছেলে দুই দুর্বৃত্তদের নামধাম জানিয়ে।
অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে আক্রান্তের পরিবার। দাবি উঠেছে পুরো ঘটনার তদন্তক্রমে পুলিস যাতে পদক্ষেপ গ্রহণ করে।



















