এক কিংবা দুই নয়, ৪০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত পানিসাগর থানা এলাকায়। আটক লরি সহ চালক।নেশার রমরমা রাজ্যের সর্বত্র। অভিযোগ বহিঃরাজ্য থেকে অবৈধ ভাবে সড়ক কিংবা রেলপথে নেশাকারবারিরা বিভিন্ন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী নিয়ে আসছে রাজ্যে। আর তা ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। অভিযোগ শুধু রাজ্যে নয়, ত্রিপুরাকে করিডোর করে বাংলাদেশেও পাচার করে থাকে পাচারকারীরা। বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশের পথে প্রায়শই পুলিসের জালে ধরা পড়ে অবৈধ নেশা সামগ্রী। আবারো পুলিসের জালে বিপুল পরিমাণ অবৈধ ইয়াবা ট্যাবলেট। গোপন খবরের ভিত্তিতে পানিসাগর থানার পুলিস ও বি এস এফ অভিযান চালায় থানা এলাকার নাকা পয়েন্টে। আসাম থেকে আসা একটি লরি তারা আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিশাল পরিমাণ ইয়াবা। উদ্ধার হওয়া ইয়াবার কালোবাজারি মূল্য ৪০ কোটি টাকা। আটক করা হয়েছে চালক সহ লরিটি। একথা জানান মহকুমা পুলিস আধিকারিক।
বুধবার ধৃতকে আদালতে সোপর্দ করা হয়। কোথায় থেকে বিপুল পরিমাণ ইয়াবা আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সবকিছুই বের করার চেষ্টা করছে পুলিস। এর পেছনে কারা যুক্ত তাও জানার চেষ্টা চলছে। তবে দেখার ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সব তথ্য বের করতে পারে কিনা পুলিস?
















