আগের তুলনায় বর্তমানে শিক্ষা দান ও গ্রহণ অনেকটা সহজ হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে। বুধবার এক অনুষ্ঠানে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর রামনগর ৮ নম্বর এলাকার নবজাগরণ ক্লাবের উদ্যোগে গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়।পাশাপাশি সমরেন্দ্র নাগের স্মৃতিতে বস্ত্র বিতরণও করা হয় দুঃস্থ মহিলাদের মধ্যে। এলাকার অবসরপ্রাপ্ত এবং বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত শিক্ষকদেরও সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ নবজাগরণ ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র বলেন, শিক্ষক শুধুমাত্র একটি পেশার নাম নয়, শিক্ষক হলেন আলোর পথপ্রদর্শক। একজন শিক্ষক তাঁর জ্ঞান, আদর্শ ও মূল্যবোধ দিয়ে একজন শিক্ষার্থীকে শুধু শিক্ষিতই করেন না, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তোলেন।তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। এখন ছেলে- মেয়েরা নিজেদের মেধা প্রকাশের সুযোগ পাচ্ছে।
নবজাগরণ ক্লাবের এই উদ্যোগ সত্যি প্রশংসার দবি রাখে। এই ক্লাব বরাবরই সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকে।
















