৮ রাহবীর কে সড়ক সংবর্ধনা দিল পরিবহন দপ্তর । দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই ‘রাহবীর’রা । বুধবার সচিবালয়ের ১নং কনফারেন্স হলে পরিবহন দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানে এই মহৎ প্রাণ ব্যক্তিদের হাতে তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ ২৫ হাজার টাকা পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, এস পি ট্রাফিক কান্তা জাহাঙ্গীর । এদিনের অনুষ্ঠানে যাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়, তাঁরা প্রত্যেকেই বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার পর ভয় ও দ্বিধা দূরে সরিয়ে বিপন্ন মানুষের জীবন রক্ষায় এগিয়ে এসেছিলেন। সংবর্ধনাপ্রাপ্ত ‘রাহবীর’রা হলেন গোমতী জেলা: কাজল দেবনাথ ও প্রসেনজিৎ ভৌমিক , অশেষ দাস, খুরশিদ মিয়া এবং অজিত দাস। ধলাই জেলা: সত্যজিৎ কুমার শীল ও সত্যরঞ্জন দেবনাথ।ঊনকোটি জেলা: লতিকা সিনহা।
মানুষের জীবন রক্ষার্থে যাঁদের এই মানবিক সাহস ও দায়িত্ববোধ সমাজকে পথ দেখাচ্ছে, তাঁদের প্রতি অনুষ্ঠানে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও বেশি সাধারণ মানুষকে বিপদে অপরের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলেই আশা প্রকাশ করা হচ্ছে।



















