অযোধ্যার রাম মন্দির দেখার সুযোগ হয়ত এখনো অনেকের হয়ে ওঠেনি । এবারের দুর্গোৎসবে এই সুযোগ এনে দিচ্ছে তেলিয়ামুরার প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব। এছারাও তাদের থাকছে একাধিক বিশেষ আকর্ষণ।
দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য অংশের মতো তেলিয়ামুড়াতেও শুরু হয়েছে জোর প্রস্তুতি। এবছর, তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব তাদের পুজোয় বেশ কিছু নতুন পরিকল্পনা নিয়ে এসেছে।প্রায় ৩৫ লক্ষ টাকা বাজেটে অযোধ্যার রাম মন্দিরের আদলে এবারের পূজামণ্ডপ নির্মাণ করা হচ্ছে। মন্দিরের স্থাপত্যশৈলী ও কারুকার্য ফুটিয়ে তোলার পাশাপাশি আকর্ষণীয় প্রতিমা এবং আলোকসজ্জার মাধ্যমে পুরো পরিবেশটি সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। মণ্ডপ ও আলোকসজ্জার কাজে পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা যুক্ত রয়েছেন। দেবী দুর্গার প্রতিমা নির্মাণের দায়িত্বেও থাকছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট মৃৎশিল্পী। পাশাপাশি, ক্লাবের পক্ষ থেকে খোয়াই জেলায় প্রথমবারের মতো দশমীর রাতে রাবণ বধ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে ক্লাবের সম্পাদক পিন্টু দাস জানান, প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য নতুন কিছু রাখার চেষ্টা করা হয়েছে। পুজোর বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি দশমীর রাতে রাবণ বধের বিশেষ আয়োজন রাখা হয়েছে।
শুধু জাঁকজমকপূর্ণ পুজো বা মণ্ডপ তৈরিতেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবারও বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে ক্লাব কর্তৃপক্ষ।


















