মর্মান্তিক-হৃদয়বিদারক ঘটনা। ত্রিতল ভবনের উপর থেকে পড়ে প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের। মৃতের নাম লিটন দেব। প্রশ্ন উঠছে নির্মাণস্থলে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি।
অকালেই ঝড়ে গেল এক নির্মাণ শ্রমিকের প্রাণ। ঘটনা শুক্রবার উদয়পুরের সোনামুড়া চৌমুহনী এলাকায়। জানা গেছে, বাজার এলাকায় চলছে পাকা ভবন নির্মাণ। সেই কাজে যুক্ত ছিলেন উদয়পুর ফুলকুমারী এলাকার বাসিন্দা পেশায় নির্মাণ শ্রমিক লিটন দেব। অন্য শ্রমিকদের সঙ্গে সেও কাজ করছিল। এদিন আচমকা ত্রিতলের উপর থেকে নিচে পড়ে যায় লিটন। শব্দ পেয়ে আশপাশে থাকা অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা দেখেন রাস্তার পাশে কালভার্টের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন নির্মাণ শ্রমিক লিটন দেব। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা। তারা এসে গুরুতর আহত শ্রমিককে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত বলে ঘোষণা করেন।কিভাবে লিটন উপর থেকে নিচে পড়লো তা বলতে পারছেন না অন্য শ্রমিকরা।
খবর পেয়ে ছুটে আসে আর কে পুর থানার পুলিস। তারা মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। খতিয়ে দেখছে কিভাবে নির্মাণ শ্রমিকের করুণ পরিণতি হল।প্রশ্ন উঠছে নির্মাণ স্থলে শ্রমিকদের সুরক্ষা কি ছিল না? দাবি উঠেছে সমস্ত কিছু খতিয়ে দেখার।


















