বিরোধীদের অস্তিত্ব নেই। এর পরেও অস্তিত্বের জানান দিতে ত্রিপুরায় নয়, দিল্লি পর্যন্ত চলে যাচ্ছে। সোমবার কুমারঘাটে এভাবেই বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
কুমারঘাট মহকুমায় সোমবার মুখ্যমন্ত্রী ১৮ টি প্রকল্পের উদ্বোধন ও ৩ টি প্রকল্পের শিলান্যাস করলেন। এদিন ভার্চুয়াল মুখ্যমন্ত্রী এসব উদ্বোধন করেন। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে হয় অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দুই মন্ত্রী সান্তনা চাকমা, শুক্লাচরণ নোয়াতিয়া, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, ঊনকোটি জেলা শাসক মেঘা জৈন সহ অন্যান্যরা।২১ টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে ব্যয় প্রায় ৪০ কোটি টাকা।অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধীদের সমালোচনা করেন। তিনি দাবি করেন ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতপাতের রাজনীতি হয়নি।মানুষের উন্নয়নের উপর আর কিছু হয় না। দিল্লির বর্তমান অবস্থা তুলে ধরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন সংসদ ও সংসদের বাইরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ইন্ডি জোট।
এদিন ফটিকরায় বিধানসভার রাজনগরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় চারজন ঘর প্রাপকদের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন সরকারি আবাস যোজনায় নির্মিত নতুন ঘর। কথা বলেন পরিবারগুলোর সঙ্গে।


















