Image

নিখোঁজ নাবালিকা উদ্ধারে পুলিসের ভূমিকায় ক্ষোভ

-এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোন হদিশ মেলেনি নিখোঁজ নাবালিকার। সিধাই থানার পুলিসের ভূমিকায় ক্ষোভ জনমনে। ক্ষুব্ধ নাবালিকার পরিবার ও এলাকাবাসী মিলিত ভাবে থানায় ডেপুটেশন দেয় বৃহস্পতিবার। নাবালিকা নিখোঁজের ঘটনাটি ঘটে চলতি মাসের ২০ তারিখ। অভিযোগ ১৪ বছরের নাবালিকা স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ মোহনপুরের আশীষ সরকার,সমীর সরকার, কেশব সরকার ও প্রণব দে-রা অপহরণ করেছে নাবালিকাকে। ঘটনা জানিয়ে ২৪ আগস্ট সিধাই থানায় মামলা করা হয় অভিযুক্তদের নামধাম জানিয়ে। অভিযোগ মামলা করার পর তিন দিন অতিক্রান্ত হতে চললেও নাবালিকাকে উদ্ধারে কোন ভূমিকা নিচ্ছে না সিধাই থানার তদন্তকারী অফিসার। স্বাভাবিক ভাবেই তদন্তকারী অফিসারের ভূমিকায় ক্ষুব্ধ নাবালিকার পরিবার সহ স্থানীয়রা। বৃহস্পতিবার নিখোঁজ নাবালিকার পরিবার সহ এলাকাবাসী থানার ওসি-র সঙ্গে দেখা করতে সিধাই থানায় যান। তারা দাবি জানান দ্রুত নিখোঁজ নাবালিকাকে উদ্ধারে পুলিস যাতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে।
ক্ষুব্ধ এলাকাবাসী চাইছে দ্রুত নাবালিকাকে উদ্ধার করে যাতে পরিবারের হাতে তুলে দিতে পদক্ষেপ নেয় পুলিস। এখন দেখার পুলিস আদৌ কোন ব্যবস্থা নেয় কিনা?

Related Posts

Scroll to Top