নাশকতার আগুনে পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার অবলম্বনটুকু শেষ। কিভাবে সংসার চালাবেন তা নিয়ে দিশেহারা তিন ব্যবসায়ী। কান্নায় ভেঙে পড়লেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষতি কয়েক লাখ টাকা।
এক কিংবা দুই বছর নয়, দীর্ঘ প্রায় ১৯ বছরের ব্যবসা। তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের এই আয়ের উৎস একলহমায় শেষ। ঘটনা কমলপুর মহকুমার শিম্বুকচাক বাজারে। শুক্রবার রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই তিন ব্যবসায়ীর দোকান। রাতে আচমকা আগুন লাগে বাজারের তিন দোকানে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে তিন ব্যবসায়ীর আয়ের উৎস। ছুটে আসে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। তবে তারা আসার আগেই সব শেষ। ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, ১৯ বছর ধরে ভালো ভাবে ব্যবসা করে আসছেন। উনার মুদি আর শুকনো মাছের দোকান ছিল। সেখানেই প্রায়শই স্বামী স্ত্রী রান্না করে খেতেন এবং রাতে থেকেও যেতেন। ভাগ্যক্রমে শুক্রবার রাতে দোকানে ঘুমাননি। অশ্রুনয়নে তিনি জানান, দোকানে থাকা ৪৫ হাজার টাকা নগদ ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গেছে। একই সঙ্গে প্রায় ৬ লাখ টাকার সামগ্রী ছিল। সবই শেষ। কি করে সংসার চালাবেন ভেবে উঠতে পারছেন।
তিন দোকানে কত টাকার আর্থিক ক্ষতি ব্যবসায়ীদের তা জানা যায়নি। প্রশ্ন উঠছে এটা কি রাজনৈতিক প্রতিহিংসায় নাশকতার আগুন নাকি অন্য কিছু? দাবি উঠেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি ভাবে আর্থিক সাহায্য ও ঘটনার তদন্তের।
















