এবছরও মণ্ডপ-আলোকসজ্জায় তাক লাগাতে চাইছে টি এস আর ষষ্ঠ ব্যাটেলিয়ন। রবি শঙ্কর জির মন্দিরের আদলে তাইরি হচ্ছে মণ্ডপ।
দিনরাত যারা অতন্দ্র প্রহরীর মতো মানুষের জীবন সম্পত্তি রক্ষা করে থাকেন, সেই বীর টি এস আর জওয়ানরা প্রতিবছর দশভুজার আরাধনায় ব্রতী হয়ে হচ্ছেন।এবছর এর ব্যতিক্রম নয়। টি এস আর ষষ্ঠ ব্যাটেলিয়ন এবারো দুর্গাপূজায় দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুতি শুরু করেছে। মণ্ডপ থেকে আলোকসজ্জা সবকিছুতেই যাতে আকর্ষণ থাকে সেই দিকে জোর দিয়েছেন জওয়ানরা। ব্যাঙ্গালোরের বিখ্যাত ‘আর্ট অফ লিভিং এর রবি শংকরজির মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারের দুর্গোৎসবের মণ্ডপ।প্রায় ১০ লক্ষাধিক টাকা বাজেটে এই নান্দনিক মণ্ডপ তৈরির কাজ এখন জোরকদমে চলছে। প্রতিদিন নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীর প্রায় ৩০ থেকে ৪০ জন জওয়ান নিজেরাই মণ্ডপ নির্মাণের কাজে হাত লাগিয়েছেন। তাঁদের নিরলস পরিশ্রমে ধীরে ধীরে সেজে উঠছে সুদৃশ্য এই মণ্ডপ। অন্যদিকে, প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন খোয়াইয়ের লালছড়ার প্রখ্যাত শিল্পী সুশীল রুদ্রপাল। তাঁর নিপুণ হাতেও এখন চলছে প্রতিমা গড়ার কাজ।পুজোর সার্বিক প্রস্তুতি ঘিরে জওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। টিএসআর ষষ্ঠ বাহিনীর কমান্ড্যান্ট সপরিবারে সকল দর্শনার্থীদের মণ্ডপে উপস্থিত থাকার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
খোয়াই জেলার বিগ বাজেটের পূজা উদ্যোক্তাদের সঙ্গে টেক্কা দিয়ে রামচন্দ্রঘাটে টি এস আর ষষ্ঠ ব্যাটেলিয়নও দর্শনার্থীদের নজর কাড়তে পিছিয়ে নেই। তাদের আশা এবছরও ব্যাপক দর্শনার্থী সমাগম ঘটবে।
















