আলোচনা, কবিতায় ও লোক-সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত কবি, জননেতা অনিল সরকার স্মরণাঞ্জলি অনুষ্ঠান। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ত্রৈমাসিক মুখপত্র দলিত সংগ্রামের উদ্যোগে হয় এই অনুষ্ঠান।রবিবার বিকেলে রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমের ত্রিতল প্রেক্ষাগৃহে হয় কবি অনিল সরকার স্মরণাঞ্জলি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশীষ তলাপাত্র, ত্রিপুরা দর্পণ পত্রিকার সম্পাদক সমীরণ রায়, বরিষ্ঠ সাংবাদিক সমীর ধর, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস, রতন ভৌমিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ দাস, দলিত সংগ্রামের সম্পাদক ডঃ নিত্যানন্দ দাস সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা প্রয়াত কবি অনিল সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা করতে গিয়ে উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশীষ তলাপাত্র বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, প্রত্যেক মানুষকে তাঁর গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়ার জন্য তৈরি হতে হবে।তাহলেই অনিল সরকারকে যথাযোগ্য সম্মান ও তাঁর স্বপ্নকে সাকার করার জন্য কয়েক কদম এগিয়ে যাওয়া সম্ভব।
আলোচনা করতে গিয়ে সুধন দাস বলেন, বর্তমানে সংবিধান রক্ষা করা যাবে কিনা, এই লড়াই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন সংবিধান রক্ষা করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।
এদিন অনুষ্ঠানে কবি লেখক, শিল্পী সাহিত্যিক, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। পরিবেশিত হয় স্বরচিত কবিতা, লোক-সাংস্কৃতিক অনুষ্ঠান।



















