সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার জন্যও সময় চেয়েছিলেন রাহুলেরা। সেই অনুরোধ ফিরিয়ে দেন প্রধান বিচারপতি। তবে জানান, আদালতের দরজা সবসময় খোলা আছে।
এসআইআরে অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন রাহুল গাঁধী। এসআইআরের মাধ্যমে ভোটারদের নাম বাদ যাওয়াকে চ্যালেঞ্জ করে সোমবার মামলা করেছেন তিনি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত কিছু মামলার শুনানি রয়েছে। রাহুলের দায়ের করা মামলাটিও সেগুলির সঙ্গেই শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিকে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম রাহুল। জ্ঞানেশের ইস্তফার দাবিতে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এরই মধ্যে এসআইআরে অনিয়মের অভিযোগ তুলে সোমবার সুপ্রিম কোর্টে মামলা করেন রাহুল।
এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার জন্যও সময় চেয়েছিলেন রাহুলেরা। তবে সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি কান্ত। রাহুল এবং মল্লিকার্জুন খড়্গেকে চিঠি পাঠিয়ে প্রধান বিচারপতি জানিয়ে দেন, যে অভিযোগগুলির কথা রাহুলেরা বলছেন, সেই সংক্রান্ত মামলা শীর্ষ আদালতে ইতিমধ্যে বিচারাধীন রয়েছে। তাই আদালতের বাইরে তা নিয়ে আলোচনা সম্ভব নয়।
তবে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, সোমবার যদি এই অভিযোগগুলি নিয়ে কোনও আবেদন বা মামলা করা হয়, তবে সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত মামলাগুলির পরবর্তী শুনানির দিন তা গ্রহণ করা যেতে পারে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘লাইভ ল’ অনুযায়ী, এ ক্ষেত্রে মঙ্গলবারই এসআইআর সংক্রান্ত কিছু মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। ওই মামলাগুলির সঙ্গে রাহুলের আবেদনটিও শুনানির জন্য উঠতে পারে।
প্রধান বিচারপতি যে রাহুলদের সাক্ষাতের আর্জি ফিরিয়ে দিয়েছেন, সে খবর রবিবার রাতেই প্রকাশ্যে আসে। সোমবার সকালে এ বিষয়ে প্রধান বিচারপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের দরজা সকলের জন্য খোলা আছে। সাধারণ মানুষ হোন বা নির্বাচিত সদস্য, যে কেউ যে কোনও আবেদন নিয়ে আমাদের কাছে আসতে পারেন। ভারতের যে কোনও নাগরিকের অধিকার আছে আদালতে আসার। আইন অনুযায়ী আমরা তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করব এবং তাঁদের অধিকার সুনিশ্চিত করব।

















