২০৪৭-এ বিকশিত ভারতের সংকল্প যাত্রা এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে একাধিক কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্মদিনে আগরতলা রেলস্টেশনে যান সাংসদ। অমৃত ভারত স্টেশন প্রকল্পে নির্মাণ কাজ চলছে আগরতলা রেলস্টেশনে।নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন রাজীব ভট্টাচার্য। উনার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট আধিকারিকরা। কথা বলেন নির্মাণ কাজের দায়িত্বে থাকা লোকজনের সঙ্গে। পরে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন,২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার দুই বছরের মাথায় ত্রিপুরাকে রেলপথ ব্রডগেজে রূপান্তর করেছেন। দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরা রেল পরিষেবায় সংযুক্ত হয়েছে। এখন চলছে অমৃত ভারত স্টেশন প্রকল্পে আগরতলা রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ। সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।
এদিকে এদিন সকালে মোদীর জন্মদিন উপলক্ষে বনমালীপুর মণ্ডলের অন্তর্গত ধলেশ্বর ১০ নম্বর রোড এলাকার কালী মন্দির প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন সাংসদ।পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সুবিধাভোগীদের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও প্রদীপ তুলে দেন তিনি।
















