• হোম
  • জেলার খবর
  • থানার ভিতরেই মহিলাকে যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ…
Image

থানার ভিতরেই মহিলাকে যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ…

সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যখন পুলিশের থাকে তখন সেই পুলিশেরই বিরুদ্ধে এবার উঠল গুরুতর অভিযোগ। কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ শ্রীকান্ত রুদ্র পাল-এর বিরুদ্ধে এক মহিলাকে যৌন হয়রানি করার অভিযোগটি উঠে এসেছে। অভিযোগকারী সোমা দেবনাথ, উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর থানাধীন রাধামাধবপুর বড়হালদি গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, একটি বিষয় নিয়ে থানায় গেলে থানার ভিতরে কর্তব্যরত ওসি শ্রীকান্ত রুদ্র পাল তাঁর সঙ্গে অত্যন্ত আপত্তিকর ও অশালীন আচরণ করেন। শুধু তাই নয়, ওই সময় তাঁকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা ব্যবহার করার পাশাপাশি যৌন হেনস্তার মত আচরণ করা হয়। এদিকে একজন দায়িত্বশীল পুলিশ আধিকারিকের এমন আচরণে তিনি চরমভাবে অপমানিত, মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীন বোধ করেন। থানার মতো একটি নিরাপদ ও সুরক্ষিত স্থানে একজন মহিলার সঙ্গে এমন আচরণের অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা ও দায়িত্ববোধ নিয়ে।

ঘটনার পর ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন অভিযোগকারিণী। জানা গেছে, তিনি বিষয়টি লিখিতভাবে মহিলা কমিশন, পুলিশের মহাপরিচালক (ডিজিপি), কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) এবং উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাইয়ের কাছে জানিয়েছেন। ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন পীড়িত মহিলা। অভিযোগটি যেহেতু থানার অভ্যন্তরে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়েছে, তাই তদন্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ওসি শ্রীকান্ত রুদ্র পাল কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের প্রতিটি বিষয় তদন্তের মাধ্যমে যাচাই হওয়া জরুরি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। এখন দেখার বিষয়, একজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ নিয়ে প্রশাসন কতটা দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত করে এবং অভিযোগকারিণী আদৌ ন্যায়বিচার পান কি না?

Related Posts

Scroll to Top