কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে মোহনপুরের দেশ বন্ধু চিত্ত রঞ্জন ক্লাব। ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
রাত পোহালেই দেবীর বোধন। ইতিমধ্যে রাজধানীর অনেক পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেছে।তবে বেশিরভাগ জায়গায় শেষ মুহূর্তে প্রস্তুতি চলে বৃহস্পতিবার পঞ্চমীতে। আগরতলা শহরের সঙ্গে পাল্লা দিয়ে মহকুমাতে থিমের ছড়াছড়ি। দর্শনার্থীদের টানতে সাধ ও সাধ্যের মধ্যে খামতি রাখতে চাইছে না পুজো উদ্যোক্তারা। এমনই একটি পুজো উদ্যোক্তা মোহনপুর মহকুম্র মণিপুরী চৌমুহনীর দেশবন্ধু চিত্ত রঞ্জন ক্লাব। এবছর তাদের থিম কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ।দর্শনার্থীদের কেদারনাথ ধামের এক অপূর্ব অভিজ্ঞতা উপহার দিতে আয়োজকরা মণ্ডপ সজ্জা ও প্রতিমা তৈরীর কাজে বিশেষ নজর দিয়েছেন।ক্লাব কর্মকর্তারা জানান, মণ্ডপ সজ্জার মূল দায়িত্বে রয়েছেন মোহনপুরেরই স্থানীয় শিল্পী।অপরদিকে প্রতিমা তৈরি সহ বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন রাজধানী আগরতলা সহ কোলকাতার দক্ষ শিল্পীরা।ইতিমধ্যে মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ।
ঐতিহ্যবাহী এই কেদারনাথ ধামের আদলে তৈরি মণ্ডপ এবং আকর্ষণীয় প্রতিমা দর্শনের লোকজন ভিড় জমাবেন বলে আশা উদ্যোক্তাদের। ষষ্ঠীর সন্ধ্যায় মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

















