ভোট কর্মীদের ভোটদান। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভোট কর্মীদের ভোটদান পর্ব।
এ ডি সি ভিলেজ কমিটির ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এই ভোট দান চলবে বুধবার পর্যন্ত। রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় সকাল ১০ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট কর্মীদের মধ্যে যারা এ ডি সি ভিলেজ এলাকার ভোটার তারাই ভোটদান করছেন। মঙ্গলবার অন্যান্য ব্লকের সঙ্গে ধলাই জেলার ৮টি ব্লকের মধ্যে ৭টি ব্লকেই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শুরু হয় নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মী ও নিরাপত্তা কর্মীদের ভোট গ্রহণ। শুধুমাত্র ডম্বুরনগর ব্লকে ভোট হবে ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর। বাকি ব্লক গুলিতে মঙ্গল ও বুধবার ভোটগ্রহণ চলবে।আমবাসা ব্লকেও সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ।ভোট কর্মীদের দীর্ঘ লাইন ছিল সকাল থেকেই। উৎসবের মেজাজে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন ভোট কর্মীরা। আমবাসা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাস জানান শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ পর্ব চলছে।
এদিকে মুঙ্গিয়াকামী ব্লকের অধীন যেসব এলাকায় ভোট হবে, সেসব এলাকার ভোট কর্মীরাও ভোট দেন এদিন। নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভোটের ডিউটিতে থাকা সরকারি কর্মীরা নির্ধারিত কেন্দ্রে পোস্টাল ব্যালটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।মুঙ্গিয়াকামী ব্লকের রিটার্নিং অফিসার তথা বি ডি ও অভিজিৎ কুমার দাস একথা জানান।
২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটির ভোট। নির্বাচন যাতে অবাধ হয় সেজন্য ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলছে রাজ্য নির্বাচন কমিশন।
















