বর্তমান বি জে পি সরকারের পেছনে জনগণের সমর্থন নেই। সময় ঘনিয়ে এসেছে বর্তমান সরকারের। মঙ্গলবার এই মন্তব্য কলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে।
শারদোৎসবের আগে বিভিন্ন পেশার শ্রমিকদের বোনাস ও অনুদান দেওয়া হয়ে থাকে। অভিযোগ উঠে কোথাও কম আবার কোথাও সঠিক ভাবে দেওয়া হয় না।এই অবস্থায় এবছর উৎসবের আগেই যাতে বিভিন্ন পেশার শ্রমিকদের বোনাস ও অনুদান দেওয়া হয় সেই দাবিতে পথে নামলো সি আই টি ইউ। মঙ্গলবার সংগঠনের তরফে রাজধানীতে হয় মিছিল।এদিন অফিস লেন সংগঠনের অফিসের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম ভবনের সামনে আসে। জমায়েত থেকে এক প্রতিনিধি দল দাবি সনদ পেশ করেন শ্রম আধিকারিকের কাছে। পরে সভায় আলোচনা করেন সি আই টি ইউ’র রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে মানিক দে অভিযোগ করেন,জিনিসপত্রের দাম বাড়ছে। উল্টো শ্রমিকদের মজুরি কমছে। রেশনের দরজা খোলা থাকলেও জিনিস পত্র কিছুই পাওয়া যায় না। এটা চলতে পারে না। রেশনে গরিবের চাল কমিয়ে দিয়ে তামাসা করছে সরকার। সরিষার তেল, চাল চিনির দাম বাড়ছে।প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। নেশায় আসক্ত করে রাখা হচ্ছে যুব সমাজকে।
এদিনের মিছিল- গণডেপুটেশন কর্মসূচীতে বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন। উৎসবের আনন্দে যাতে সকলেই পরিবার নিয়ে আনন্দে গা ভাসাতে পারেন, সেজন্য শ্রমিকদের ন্যায্য বোনাস ও অনুদান সর্বত্র যাতে পায় সেই প্রত্যাশা রাখেন সংশ্লিষ্টরা।




















