বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের দাম। কিন্তু সেই মতো প্রতিমা বিক্রি করে লাভের মুখ দেখছেন না মৃৎ শিল্পীরা। স্বাভাবিক ভাবেই এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা চিন্তিত। সামনেই উৎসব মরশুম। চলতি মাসেই গণেশ চতুর্থী। এর পরেই দেবশিল্পী বিশ্বকর্মা পুজা। এর পর একে একে দুর্গা, লক্ষ্মী, কালি পূজা। এখন রাজ্যের বিভিন্ন প্রান্তের মৃৎ পাড়ায় চরম ব্যস্ততা। যদিও মাস দুয়েক আগেই শুরু হয়েছে গেছে প্রতিমা তৈরির কাজ। এই রকমই ছবি ধরা পড়ল ফটিকরায়ের রাজনগর শক্তিসংঘ এলাকায় মূর্তি পাড়ায়। স্থানীয় মৃৎ শিল্পীরা দেবশিল্পির প্রতিমা তৈরিতে ব্যস্ত। দিন-রাত এক করে চলছে মূর্তি তৈরি। নিপুন হাতের ছোঁয়ায় দেবশিল্পীর অবয়ব তৈরিতে ব্যস্ত শিল্পীরা। শিল্পী দীনবন্ধু রুদ্রপাল জানান সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকদের সাহায্য নিয়ে দিনে দশ থেকে বারো ঘন্টা কাজ করে যাচ্ছেন। মূর্তি তৈরি করে এখন আর আগের মতো লাভ দেখতে পান না শিল্পীরা।শিল্পী জানান, বহু বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত তিনি। এবছর ৭০ টির মতো বিশ্বকর্মার মূর্তি তৈরি করছেন। এরপরই শুরু হবে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ। মৃৎ শিল্পি জানান একের পর এক মূর্তি তৈরি করলেও বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে না মূর্তির সঠিক দাম। কারণ মূর্তি তৈরির সমস্ত সরঞ্জাম কিনতে হয়। সেসবের মূল্য বেড়ে গেছে।আগে বেশ লাভ হতো এই কাজে। কিন্তু এখন আর হয় না তেমনটা।
দিন-রাত কাজ করে গেলেও আগের মতো লাভের মুখ না দেখতে পেয়ে হতাশ মৃৎ শিল্পীরা। তারপরও বংশ পরম্পরায় চলে আসা এই শিল্পকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন দীনবন্ধু রুদ্রপালদের মতো মৃৎ শিল্পীরা।


















