Image

জট কাটলো? ভি সি নির্বাচনে লড়াই কি একতরফা?

জট কাটলো। সরকারে থাকা তিন দলীয় জোটই এ ডি সি’র ভিলেজ কমিটি নির্বাচনে যৌথ ভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিকেলে দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে এম বি বি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।কয়েক মাস আগে এ ডি সি নির্বাচনে পৃথক ভাবে লড়াই করেছিল তিপ্রা মথা ও ভারতীয় জনতা পার্টি। মাত্র ৪ টি আসন পেয়েছিল বি জে পি। এই অবস্থায় চলতি মাসের শেষে এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনে সরকারে থাকা তিপ্রা মথা ও আই পি এফ টি’র সঙ্গে বি জে পি’র জোট হবে কিনা এনিয়ে জল্পনা দেখা দেয়। ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন না হলে জোট হবে না বলে এক প্রকার সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। এই অবস্থায় জোট নিয়ে জটিলতা বাড়তে থাকে। কয়েকটি ব্লক এলাকায় তিপ্রা মথার প্রার্থীরা একক ভাবেই মনোনয়ন দাখিল করে দেয়। অবশেষে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে বৈঠক হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও তিপ্রা মথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মণের মধ্যে। উপস্থিত ছিলেন নর্থ- ইস্টের আহ্বায়ক সম্বিত পাত্রাও।

সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে ভিলেজ কমিটি নির্বাচনে বি জে পি,আই পি এফ টি ও তিপ্রা মথা যৌথ ভাবে লড়াইয়ের। শনিবার বিকেলে রাজ্যে ফিরে এসে একথা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান, বৈঠকে ত্রিপাক্ষিক অ্যাকর্ড নিয়ে আলোচনা হয়েছে। কোথায় কে দাঁড়াবে সে বিষয়ে রবিবার একটি রূপ রেখা বের হয়ে আসবে। তিনি জানান নির্বাচনের পরেই অক্টোবর মাসে অ্যাকর্ডের সবকিছু বিষয় চিহ্নিত করা হবে এবং সবগুলি বাস্তবায়ন করা হবে।


রাজনৈতিক মহলের মতে সরকারে থাকা তিন দলীয় জোট ভিলেজ কমিটি নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ায় জমাটি হবে না লড়াই। একতরফা হয়ে যেতে পারে এই নির্বাচন। তবে দেখার বিরোধী বাম কংগ্রেস কতটুকু লড়াই ছুঁড়ে দিতে পারে?

Related Posts

Scroll to Top