এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল শুরু বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। বৃহস্পতিবার বিশাল মিছিল করে জম্পুইজলা ও কিল্লা ব্লকে মনোনয়ন পত্র দাখিল করলেন তিপ্রা মথার প্রার্থীরা। চলতি মাসের ১ তারিখ ভিলেজ কমিটি নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়। বিজ্ঞপ্তি জারির পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র পেশ করছেন। এদিন জম্পুইজলা ব্লকে মনোনয়ন জমা দেন তিপ্রা মথার প্রার্থীরা। এই ব্লক এলাকায় রয়েছে ৩১ টি ভিলেজ কমিটি। এদিন বেশ কিছু ভিলেজ কমিটির বিভিন্ন আসনের তিপ্রা মথার প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন রিটার্নিং অফিসারের কাছে। মনোনয়ন জমা দেওয়ার আগে দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে মিছিল করে প্রার্থীরা ব্লকের সামনে আসেন। ঢাক ঢোল নিয়ে আনন্দে মাতোয়ারা ছিলেন দলের কর্মী- সমর্থকরা।
এদিনের কর্মসূচীর নেতৃত্বে ছিলেন টাকারজলা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিত কলই, এম ডি সি সুরজ দেববর্মা সহ অন্যরা। বিধায়ক বলেন, সব আস্নেই জয়ী হবেন তিপ্রা মথার প্রার্থীরা। একটি আসনও পাবে না বিরোধীরা।
এদিকে এদিন কিল্লা ব্লকেও মনোনয়ন পত্র জমা দেন তিপ্রা মথার প্রার্থীরা। এই ব্লকের অধীনে রয়েছে ১৬ টি ভিলেজ কমিটি। সেখানে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে বিশাল মিছিল বের হয় প্রার্থীদের নিয়ে কর্মী-সমর্থকরা।মিছিলে অংশ গ্রহণ কারীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। মনোনয়ন পত্র জমার এই কর্মসূচীতে ছিলেন এ ডি সির প্রাক্তন সি ই এম তথা বর্তমান এম ডি সি পূর্ণ চন্দ্র জমাতিয়া সহ অন্যরা।প্রাক্তন সি ই এম অভিযোগ করেন, আর্থিক ভাবে বঞ্চিত করার জন্যই ১০ বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন করেনি সরকার।এদিন ১৪ টি ভিলেজ কমিটির প্রার্থীরা মনোনয়ন পেশ করেছেন।
এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনে বি জে পি- তিপ্রা মথার জোট নিয়ে যখন চলছে আলোচনা, এই অবস্থায় তিপ্রা মথা একাই মনোনয়ন পত্র দাখিল শুরু করে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে বি জে পি-র উপর চাপ বাড়াতে এবং ভি সি নির্বাচনে নিজেদের জয় আশাবাদী তিপ্রা মথার নেতৃত্ব বলেই একলা চলো নীতি নিয়েছে তারা।


















