দুর্গা পূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের যানজটপ্রবণ এলাকা পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শন করেন তিনি। যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।মেয়রের সঙ্গে এদিন ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত-সহ পুর নিগমের আধিকারিকরা।মেয়রের পরিস্থিতি সরেজমিনে দেখতে উপস্থিত ছিলেন ট্রাফিক আধিকারিকরাও। পুজোর মরশুমে শহরে মানুষের যাতায়াত ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই পুরনো মোটরস্ট্যান্ডের দীর্ঘদিনের সমস্যা মেটাতে প্রশাসনিকভাবে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখেন তারা। পরে মেয়র জানান,যত্রতত্র যানবাহন দাঁড় করানো এবং রাস্তার জায়গা দখল করে ব্যবসা করার ফলেই যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে দুর্গা পূজার আগে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যাতে যান চলাচল নির্বিঘ্ন থাকে, সেদিকেই পুর নিগম ও ট্রাফিক দপ্তর সমন্বয় হিসেবে করে কাজ করবে।
এছাড়াও বেআইনিভাবে রাস্তা বা সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাওয়া ব্যক্তিদের নিয়েও কড়া বার্তা দেন মেয়র। তাঁর বক্তব্য, বেআইনিভাবে জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ আর দেওয়া হবে না। দখলমুক্ত করার পাশাপাশি যাঁরা দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছেন, তাঁদের বিষয়টিও মানবিক দৃষ্টিতে বিবেচনা করবে সরকার।এদিকে এদিন পুরনো মোটরস্ট্যান্ডে যে বহুতলবিশিষ্ট মাল্টি কমপ্লেক্স তৈরি হচ্ছে সেটিও মেয়র পরিদর্শন করেন। সম্ভবত পূজার আগেই মুখ্যমন্ত্রীর হাত ধরে এই বিশাল কমপ্লেক্স-র উদ্বোধন হবে।
















