বৈঠকে বিজেপি। ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে একের পর এক বৈঠক প্রদেশ বিজেপি কার্যালয়ে।তিপ্রা মথার সঙ্গে জোট নাহলে একাই লড়াই করবে কি গেরুয়া শিবির? এনিয়েই এখন জল্পনা রাজনৈতিক মহলে। তবে বুধবার ফের গুরুত্বপূর্ণ বৈঠক শুরুর আগে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির কথায় স্পষ্ট জোট নাহলে একা লড়াইয়ের জন্য প্রস্তুত আছে রাজ্যের শাসন ক্ষমতায় থাকা তিন দলীয় জোট সরকারের বড় শরিক। চলতি মাসের ২৮ তারিখ এ ডি সি-র ভিলেজ কমিটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে তিপ্রা মথার সঙ্গে জোট করেই নির্বাচনে যেতে চাইছে ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলেও এখনও দুই দল জোট নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। চলছে আলোচনা। এই অবস্থায় মঙ্গলবারের পর বুধবার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে দিনভর চলে সাংগঠনিক বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বি জে পি-র সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী বি এল সন্তোষ, নর্থ ইস্টের আহ্বায়ক সম্বিত পাত্রা, প্রভারী রাজদ্বীপ রায়, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বি জে পি সভাপতি অভিষেক দেবরায়, দলের জাতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব সহ অন্যরা। এদিনের বৈঠকে বি জে পি-র মন্ত্রী বিধায়ক, জেলা মণ্ডল সভাপতি সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা অংশ নেন। সেই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে। আলোচনায় উঠে এসেছে অন্যান্য বিষয়ও। বৈঠক শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নোত্তরে অভিষেক দেবরায় জানান, ভিলেজ কমিটির সব আসনে লড়াইয়ের জন্য দল প্রস্তুত আছে। বাকি বিষয় দিল্লিতে সর্বভারতীয় নেতৃত্ব আলোচনা করছে। যা নির্যাস বের হবে সেই অনুসারে কাজ হবে। তিনি জানান এক দুই দিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। তবে তিনি জানান তিপ্রা মথার সঙ্গে জোট নাহলে বি জে পি একা লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। কয়েক মাস আগে সম্পন্ন হয়ে যাওয়া এ ডি সি’র নির্বাচনে তিপ্রা মথা ও বি জে পি আলাদা আলাদ ভাবে লড়াই করেছিল। ২৮ আসনের মধ্যে মাত্র ৪ টি আসন পেয়েছিল বি জে পি। এই অবস্থায় ভিলেজ কমিটি নির্বাচনে যদি তিপ্রা মথার সঙ্গে জোট না হয় তাহলে বি জে পি একা লড়াই করলে কতটুকু সাফল্য পাবে তা নিয়েই চর্চা রাজনৈতিক মহলে


















