ফের সাদা রঙ করা হল কলকাতা আনন্দবাজার পত্রিকা অফিসের স্তম্ভ। অভিযোগ মঙ্গলবার একদল দুর্বৃত্ত কলকাতা আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। পাশাপাশি হামলাও করেছে বলে অভিযোগ।মূল ফটকের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং ভবনের প্রবেশ পথের দুটি স্তম্ভে গেরুয়া রং লেপে দিয়ে যায়। অভিযোগ সবকিছুই চলে পুলিসের সামনে। আরও অভিযোগ পুলিস কোন ভূমিকাই নেয়নি বিক্ষোভকারীদের ঠেকাতে। ঘটনার নিন্দা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। প্রায় ৩০ ঘণ্টা বিক্ষোভ দেখিয়ে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, পত্রিকার কোন সংবাদে একটি ধর্মীয় প্রতীককে অসম্মান করা হয়েছে। তারা হুশিয়ারি দিয়ে যায় পত্রিকা কর্তৃপক্ষ তাদের অবস্থান সংশোধন না করলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচী গ্রহণ করার।এই বিরোধের সূত্রপাত সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষকে কেন্দ্র করে। এই ঘটনা নিয়ে আনন্দবাজার পত্রিকায় যে সংবাদ প্রকাশ হয়েছিল ২১ আগস্ট তাতে একটি শব্দ নিয়েই ঝামেলার সৃষ্টি। সেই শব্দের প্রতিবাদ জানিয়েছিল সে রাজ্যের শাসক দল ও কিছু সংগঠন। এর পরই ঘটে ঘটনা। তবে পত্রিকা অফিসে এভাবে বিক্ষোভ ও হামলার ঘটনা সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করছেন বিভিন্ন সাংবাদিকদের সংগঠন। এর নিন্দাও জানিয়েছে সংগঠন গুলি। এই ধরণের ঘটনার নিন্দা জানিয়েছে সচেতন মহলও।




















